Advertisement

জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ইশরাত জাহান রিমা নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইশরাত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার রশিদুল্ল্যাহ মণ্ডলের মেয়ে এবং তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই আবাসিক ভবনে উপস্থিত হয়। কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল এবং সেখান থেকে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরবর্তীতে জামালপুর ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

0%
0%
0%
0%