কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী আশার মোড় এলাকায় সড়কের পার্শ্ববর্তী একটি ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় পথচারীরা জমির ভেতর পা টি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি দ্রুত জানাজানি হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, খণ্ডিত পা টির পাশেই রক্তমাখা একটি পলিথিন পড়ে ছিল। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা রাতের আঁধারে কোনো যানবাহন যোগে যাওয়ার সময় পরিকল্পিতভাবে পা টি সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খণ্ডিত অংশটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অঙ্গটি কার এবং কী কারণে এটি এখানে ফেলে রাখা হয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। রহস্যময় এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের মতো সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
