Advertisement

মাগুরার শ্রীপুরে সিআইডি পরিচয়দানকারী অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক

মাগুরার শ্রীপুর উপজেলায় এক গৃহবধূকে অপহরণের উদ্দেশ্যে আসা সাত ভুয়া সিআইডি সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঝিনাইদহের আসমা খাতুন, ওসমান গণি, হাসানুজ্জামান হাসান, সালমান শাহ, ছাব্বির হোসেন, সাকিব এবং মাগুরার শালিখা উপজেলার আল আমিন হোসেন। আটকের সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নাকোল পুলিশ ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পশ্চিমপাড়া এলাকায় একটি নোহা মাইক্রোবাস সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসানসহ পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অপরাধীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ফেলে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা ভুয়া সিআইডি পরিচয়ে ওই নারীকে অপহরণ করার পরিকল্পনা নিয়েছিল। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং ভুয়া পরিচয়ধারী এই চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%