উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে দুই লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে নিয়মিত টহল চলাকালীন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির সদস্যরা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেন।
অভিযান পরিচালনাকারী টহলদল অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সীমান্ত এলাকার ফারির বিলের গুর্জাখাল রুবেলের ঘের নামক স্থানে সন্দেহভাজন ছয় ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে। মিয়ানমার থেকে চোরাকারবারিদের একটি দল পোঁটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা হাতে থাকা পোঁটলাগুলো ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পোঁটলা উদ্ধার করা হয়। এসব পোঁটলার ভেতর থেকে খাকি ও নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো আনুমানিক দুই লাখ পিস ইয়াবা জব্দ করে বিজিবি। এলাকাটিতে ব্যাপক তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
