ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক ১২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ১২ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
রাত সাড়ে আটটার দিকে বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজনকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে রাত নয়টার দিকে বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজা হোটেলের নিচতলার দুটি কক্ষ থেকে মাদক সেবনরত অবস্থায় আরও নয়জনকে আটক করে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন সোনা মিয়া, মো. রাসেল, আব্দুস শুক্কুর, মো. হেলাল, মো. সোহেল, সাইফুল ইসলাম, নুরুল আলম, মো. ফয়সাল, মাহিউল ইসলাম, মো. আব্দুল কাইয়ুম, মো. কায়সার ও মো. করিম। তাদের বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে। আটক হওয়া ব্যক্তিরা সবাই উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম সিফাতুল মাজদার জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
