মহেশখালীতে চোর ধরতে গিয়ে অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

কক্সবাজারের মহেশখালী উপজেলাধীন শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ রহমত উল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির অভিযোগে স্থানীয়রা রহমত উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেন। রহমত উল্লাহ ছোট মহেশখালী ইউনিয়নের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, চুরি করা মালামাল এবং অবৈধ কর্মকাণ্ডের গোপন আস্তানা হিসেবে মিঠাছড়ি এলাকার নমি উদ্দিন, ময়না ও শাবনূরের সহায়তা নিত সে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মোতাহেরা নামের এক নারীর বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায়। এ সময় ঘরের খাটের নিচ থেকে বন্দুকের বাট, ট্রিগার, ব্যারেলের অংশ এবং স্প্রিংসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। একইসঙ্গে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, গ্রাইন্ডার ও করাতসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার সঙ্গে জড়িত কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে স্থানীয় অপরাধী চক্রের কাছে বিক্রি করে আসছিল।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সুলতান জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
