Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘরে যুবকের গলা ও হাত কাটা মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের জামতলা ইসহাক মিয়ার পাড়ায় নিজ শয়নকক্ষে মো. ফারুক শেখ (৪৬) নামে এক যুবককে নৃশংসভাবে গলা ও দুই হাত কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার দুপুরে এ হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা নির্বিঘ্নে পালিয়ে যায়। নিহত ফারুক শেখ ওই এলাকার মো. আব্দুল খালেক শেখের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফারুক ও তার ভাইয়েরা দৌলতদিয়া ঘাটে যৌথভাবে চায়ের দোকান পরিচালনা করতেন। শনিবার দুপুরের দিকেও বড় ভাই আব্দুল বারেক শেখের সঙ্গে ফারুকের কথা হয়। এরপর দুপুরের খাবার নিয়ে অপর ভাই ফরিদ শেখ ফারুকের ঘরে গিয়ে তার গলা কাটা ও শরীর থেকে বিচ্ছিন্ন দুই হাতসহ রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় কক্ষের দরজা খোলা ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহতের স্বজনদের দাবি, ফারুক অন্তত ছয়টি বিয়ে করলেও কোনো স্ত্রী তার সঙ্গে থাকতেন না। কিছুদিন আগে তার দ্বিতীয় স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যান। বাড়িতে বন্ধুদের নিয়ে দাবা খেলার অভ্যাস ছিল ফারুকের, তবে তার সঙ্গে কারও বিরোধ ছিল কি না সে বিষয়ে পরিবারের সদস্যরা অবগত নন।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%