সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে চার জেলে কারাগারে

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন পশ্চিম বন বিভাগের কলাগাছিয়া নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মোস্তফা গাজী, মাহফুজুর রহমান, আল-আমিন গাজী ও ইয়ারুজ্জামান ঘরামী। অভিযান পরিচালনাকারী বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, বন বিভাগের বিশেষ টিম টহলের সময় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি চিংড়ি ও ১৩৭ কেজি সাদা মাছ জব্দ করা হয়।
মাছ ছাড়াও তাদের ব্যবহৃত একটি ডিঙি নৌকা, একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, পাঁচটি পানির ড্রাম, একটি হুইল, দুটি বৈঠা, তিনটি দা ও একটি কাটা ড্রাম জব্দ করেছে বন কর্তৃপক্ষ। সুন্দরবনের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ প্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আটক জেলেদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে আদালত বিকেল ৫টা ৪৭ মিনিটে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনের প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।
