Advertisement

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে প্রায় ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মাদক জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সোমবার রাত ১০টার দিকে দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল ও ৪ হাজার ৮৪৫ কেজি নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তী সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আইন অনুযায়ী জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

একই রাতে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবির আরেকটি দল রাত ১টা ৫০ মিনিটের দিকে রংমহল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জওয়ানরা সর্বদা কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%