Advertisement

কুমিল্লায় দুই দফা অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগ

কুমিল্লা নগরীর মুন হাসপাতালে ভর্তি হওয়ার পর দুই দফা অস্ত্রোপচার শেষে মোবারক হোসেন (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোবারক হোসেন দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের দক্ষিণখার এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।

স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও চিকিৎসকদের চরম অবহেলার কারণে মোবারক হোসেনের মৃত্যু হয়েছে। তারা জানান, গত ২৫ জুলাই তীব্র পেট ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং ২৮ জুলাই তার পিত্তথলীর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরও ব্যথা না কমায় চিকিৎসকদের পরামর্শে ১০ আগস্ট পুনরায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়, যার জন্য স্বজনদের কাছ থেকে দুই দফায় প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকা খরচ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ধামতি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইব্রাহিম খলিল অভিযোগ করেন, রক্তে ইনফেকশন থাকার বিষয়টি জানার পরও যথাযথ সতর্কতা ছাড়া অস্ত্রোপচার করা হয়েছে। তার দাবি, সঠিক রোগ নির্ণয় না করে তড়িঘড়ি করে দুইবার অস্ত্রোপচার করায় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অকাল মৃত্যু নিশ্চিত হয়। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দায় রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা প্রয়োজন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অস্ত্রোপচারকারী সার্জন ডা. সোহেল। তিনি দাবি করেন, রোগীর শারীরিক জটিলতার কারণেই দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়েছিল। কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মুন হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এটিই প্রথম নয়। এর আগে ভুল ইনজেকশন দেওয়ার ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির কনসালটেশন বিভাগের কার্যক্রম স্থগিতের নির্দেশনা দিয়েছিল। এছাড়া রোগীদের কাছ থেকে রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের মতো ঘটনা নিয়েও জনমনে ক্ষোভ রয়েছে। এ ঘটনায় শোকাহত পরিবার ও স্থানীয়রা দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%