ঝালকাঠির রাজাপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের খালপাড় বাজার এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মো. কুদ্দুস খান নামে এক যুবদল নেতা গুরুতরভাবে জখম হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত কুদ্দুস খান রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকার বাসিন্দা।
জানা যায়, অসুস্থ এক স্বজনকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে গেলে কুদ্দুস খান তার ভাতিজাকে তেল আনার জন্য পাম্পে পাঠান। এরপর একা হেঁটে ওষুধের দোকানে যাওয়ার সময় উপজেলা সদরের খালপাড় বাজার রোডে মনা স্টারশপের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
কুদ্দুস খানের আর্তচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
