ভৈরবে নৌকা চুরির রহস্য উদ্ঘাটনে গিয়ে কিশোর ছুরিকাঘাতে নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সড়কে নিজ মামার চুরি হওয়া নৌকার খোঁজ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ১৬ বছর বয়সী কিশোর সাজ্জাদ। সোমবার রাত ৮টার দিকে ঘাতক আনারের হামলায় ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সাদেক মিয়ার সন্তান সাজ্জাদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরণে জানা যায়, প্রায় ১৫-১৬ দিন আগে লক্ষ্মীপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে স্বপন মিয়ার একটি স্টিলের নৌকা চুরি হয়। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে আনার নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নৌকা চুরির কথা স্বীকার করেন এবং তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে এরপর থেকেই অভিযুক্ত আনার গা ঢাকা দেয়।
সোমবার রাতে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সড়ক দিয়ে যাওয়ার সময় সাজ্জাদ হঠাৎ অভিযুক্ত আনারকে দেখতে পায়। এ সময় সে চিৎকার করে স্থানীয়দের জড়ো করার চেষ্টা করলে আনার ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
