সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ‘ক্রসফায়ারের’ অনুমতি দিলে পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডে শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

পুলিশের ভূমিকা নিয়ে সমাজে বিদ্যমান দ্বিমুখী সমালোচনার কথা তুলে ধরে আইজিপি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করে, আবার নিষ্ক্রিয় থাকলে ‘দুর্বল’ বলে সমালোচনা করে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর পরিবেশ দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে পুলিশকে দায়িত্ব পালনের উপযোগী করতে হবে এবং আইন ও সংবিধান অনুযায়ী চলতে হবে।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা স্মরণ করে আলী হোসেন ফকির বলেন, ওই সময় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল এবং পুলিশ রাস্তায় ডিউটি করতে ভয় পেত। তবে দেশের মানুষের মাঝে প্রকৃত স্বস্তি, শান্তিপূর্ণ পরিবেশ ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে পুলিশ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বলে জানান তিনি। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, পুলিশ কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি এবং কোনো অপ্রয়োজনীয় বলপ্রয়োগও করেনি।

পুলিশকে ব্ল্যাকমেইল করার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, সুখী ও শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নেই। দেশ রক্ষা ও সার্বভৌমত্ব অর্জনে যেমন সেনাবহিনীর প্রয়োজন, তেমনি অভ্যন্তরীণ শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে পুলিশ অপরিহার্য। তিনি নগরবাসীকে উদ্দেশ্য করে বলেন, কেউ যেন পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা না করে এবং নিজেরাও যেন ব্ল্যাকমেইলের শিকার না হন।

সমাজের প্রতিটি স্তরে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে পুলিশপ্রধান আরও বলেন, সব দল ও মতের নির্বাচনী এজেন্ডায় শান্তি থাকে, কিন্তু দিনশেষে অনেকেই নিজের স্বার্থ ত্যাগ করতে চান না। সমাজব্যবস্থাকে সুখী ও সমৃদ্ধ করতে হলে সংকীর্ণতা পরিহার করে আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে গুজবে কান না দিয়ে দেশবাসীকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

০%
০%
০%
০%