কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপুরিরপাড় গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আক্তার হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপুরিরপাড় গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন ওই গ্রামের কালা মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বাড়ির পাশের একটি পুকুর থেকে মাছ ধরার উদ্দেশ্যে মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন আক্তার হোসেন ও তার সহযোগী জাহাঙ্গীর। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আবদুল হালিম সেখানে উপস্থিত হয়ে মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে উপস্থিত নারীরা আক্তার ও জাহাঙ্গীরকে শান্ত করে বাড়ি নিয়ে আসার পথে আবদুল হালিমের ছেলেসহ অন্যান্যরা অতর্কিত তাদের ওপর চড়াও হন এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আক্তার হোসেন ও জাহাঙ্গীর গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। এই বর্বরোচিত হামলায় তার সহযোগী জাহাঙ্গীর আলমও গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজমান গণি জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে সিলেট থেকে একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মূল হোতাসহ জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%