শরীয়তপুরের গোসাইহাটে টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট

শরীয়তপুরের গোসাইহাট উপজেলার প্রাণকেন্দ্র গোসাইহাট বাজারে গভীর রাতে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে বাজারের সোনালী ব্যাংকের সামনে অবস্থিত ‘বাবা-মার দোয়া ভ্যারাইটিজ স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। চোরচক্র দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী দোকান মালিক মো. সোহাগ খান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দোকান খুলতে এসে দেখেন দোকানের মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে এবং উপরের টিনের চাল কাটা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহাগ খান বলেন, “আমি ঋণ ও কিস্তি তুলে অনেক কষ্টে ব্যবসা পরিচালনা করছি। চোরেরা আমার দোকান থেকে প্রায় ১ থেকে দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এর আগেও দুই বছর আগে ঠিক একইভাবে আমার দোকানের চাল কেটে চুরি হয়েছিল, যার কোনো বিচার বা ক্ষতিপূরণ আমি পাইনি। এবারও আমাকে নিঃস্ব করে দিয়ে গেল। আমি প্রশাসনের কাছে চোরদের খুঁজে বের করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।”
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে জানান, সম্প্রতি গোসাইহাট উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও দোকানে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা অবিলম্বে চুরি প্রতিরোধে এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোসাইহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, “চুরির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
