AdvertisementAdvertisement

কক্সবাজার ও সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে বিপুল সিমেন্ট–সার জব্দ, আটক ১৬ পাচারকারী

কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সার জব্দসহ ১৬ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement
বিজ্ঞাপন

কক্সবাজারে অভিযান

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে কক্সবাজার কোস্টগার্ড স্টেশনের একটি বিশেষ দল বাঁকখালী মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৩০ বস্তা সিমেন্ট ও ১২ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

এ অভিযানে ৮ জন পাচারকারীকে আটক করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

অপরদিকে, রোববার রাত ১০টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ ঘটনায় ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,
“দেশের উপকূলীয় ও সমুদ্রসীমায় পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তথ্যসূত্র: কোস্টগার্ড

18.5%
42.6%
20.4%
18.5%