মানব পাচারকারীদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে দেশ ও বিদেশে সক্রিয় এই চক্রের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তাদের অবিলম্বে গ্রেপ্তারে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে মানব পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন।

নিহত সেনাসদস্য তিতাস শেখের স্মৃতিচারণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিতাস বাংলাদেশ সেনাবাহিনীর একজন অত্যন্ত দক্ষ ও সাহসী সৈনিক ছিলেন। মানব পাচারকারীদের নির্মম বুলেটের শিকার হয়ে তাকে প্রাণ হারাতে হয়েছে। দেশ ও জনগণের প্রধান শত্রু এই অপরাধীদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে এবং এদের বিরুদ্ধে সর্বস্তরে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মানব পাচার দমনে সরকারের আপসহীন অবস্থানের কথা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম জানান, মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ শুরু করেছে। এই চক্রগুলো শুধু দেশের একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে তাদের শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে যেসব বিপজ্জনক পথে পাচারের চেষ্টা করা হয়, সেসব দেশের সরকার, পুলিশ ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরসহ দেশের ১৪ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মানব পাচারবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভা থেকে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত দালাল চক্রের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দালাল চক্রের মূলোৎপাটনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব চক্রের সদস্যদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে নিখোঁজ, জিম্মি বা আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাচ্ছে।

গত ১৭ বছরে বিভিন্ন মাদক কারবারি ও মাফিয়া চক্রের সঙ্গে মানব পাচারের গভীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মানব পাচারকারীদের দমনে সরকার সর্বোচ্চ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তিতাসের মতো একজন সাহসী সেনাসদস্যের প্রাণহানি এবং সাধারণ মানুষের অনিরাপদ বিদেশযাত্রার পেছনে এই চক্রগুলো দায়ী। তাই এসব অপরাধী সিন্ডিকেটের তৎপরতা চিরতরে বন্ধ করতে সরকার বদ্ধপরিকর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আযাদ, নিহত তিতাসের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে মেধাবী ও সাহসী এই সেনাসদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং শোকার্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই জঘন্য মানব পাচারকারী চক্রের সব সদস্যকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান পরিচালনার সময় মানব পাচারকারীদের অতর্কিত গুলিতে নিহত হন সেনাসদস্য তিতাস শেখ (২৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল শেখের জ্যেষ্ঠ পুত্র। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজো। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানকারী তিতাস সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। পরবর্তীতে শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নানির কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

০%
০%
০%
০%