রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা মেজর হাফিজ গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকা থেকে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম এবং পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা এবং ২০০৯ সালের পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্র ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে নিবিড় যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব গুরুতর অভিযোগের ভিত্তিতেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মিন্টো রোডস্থ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্য কোনো চক্র বা ব্যক্তি সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

০%
০%
০%
০%