গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদরাসার দুই শিক্ষার্থী গত সোমবার থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীরা হলো সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার এবং সোনাকুড় গ্রামের বাসিন্দা তামিম। ঘটনার পর থেকে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
মাদরাসার শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরের দিকে ওই দুই শিক্ষার্থী কাউকে কিছু না জানিয়ে মাদরাসা থেকে বেরিয়ে যান। নির্ধারিত সময়ে তারা মাদরাসায় ফিরে না আসায় বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের পরিবারকে অবহিত করা হয়। নিখোঁজের সময় ইমাম সমাদ্দার ও তামিমের পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল বলে জানা গেছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া মাত্রই এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পেতে স্থানীয় এলাকাবাসী ও তাদের পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে এই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন।