রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেশবপুর গ্রাম থেকে সাথী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে স্থানীয় একটি মসজিদের পাশে নিজ ঘর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত সাথী ওই এলাকার জিয়ারুলের মেয়ে এবং তার স্বামী অসীম বর্তমানে প্রবাসে কর্মরত রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে সাথীর দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সোমবার দুপুরেও তাদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয় এবং বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পরই পরিবারের সদস্যরা নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাথীর নিথর দেহ ঝুলতে দেখেন।
খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার দিবাগত রাত ১২টায় থানায় ৩৪ নম্বর অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।