দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় হবিগঞ্জ জেলার ১৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) কোর্স পরিচালনাকারী এসব প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এবং নিয়মিত শিক্ষার্থী না থাকায় বোর্ড কর্তৃপক্ষ এ কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার পাশাপাশি কেন এসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন স্থায়ীভাবে বাতিল করা হবে না, তার যৌক্তিক ব্যাখ্যা চেয়ে গত ৮ জুন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। হবিগঞ্জসহ সারা দেশে দীর্ঘদিন শিক্ষার্থীশূন্য থাকা প্রায় এক হাজার ৮৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আল মাসুদ করিম জানিয়েছেন, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পাঠদান সংক্রান্ত নীতিমালা ২০২৪ অনুযায়ী অবকাঠামো সংকট, শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম এবং আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব থাকলে বোর্ডের আইন অনুযায়ী পাঠদানের অনুমতি প্রত্যাহার করা হয়। নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠদান বাতিলের তালিকায় থাকা হবিগঞ্জের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রামকৃষ্ণ মিশন কম্পিউটার ট্রেনিং সেন্টার, জামান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ইব্রাহিম কম্পিউটার ট্রেনিং সেন্টার। এছাড়াও ইউনিয়ন স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টার, আইডিয়াল কম্পিউটার ইন্সটিটিউট, গ্লোবাল টেকনিক্যাল ইন্সটিটিউট, বার্ড টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট, প্রচেষ্টা টেকনিক্যাল ইন্সটিটিউট ও এডলিড ট্রেনিং ইন্সটিটিউটের মতো প্রতিষ্ঠানগুলোও তালিকায় রয়েছে।