Advertisement

সুনামগঞ্জের বৌলাই নদীতে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটক শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর ১০ বছর বয়সী শিশু রুকাইয়া নূরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে পিরোজপুর গ্রামের পাশের নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত রুকাইয়া ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোলচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনূর রহমানের মেয়ে।

ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার বিকেলে প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারি ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে জাদুকাটা নদীর উদ্দেশে রওনা দিয়েছিলেন। বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় পৌঁছালে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। নৌকায় থাকা লোকজন তাৎক্ষণিক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও দীর্ঘ সময় শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ভাসমান মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%