জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহবায়ক বহিষ্কার ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল মাসুদ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসের সিট দখলকে কেন্দ্র করে দলীয় সহকর্মীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহাম্মেদকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম গতিশীল ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে একই সঙ্গে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিল আহাম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে এখন থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে অভ্যন্তরীণ কোন্দল ও হোস্টেলের সিট দখল নিয়ে বিরোধের জেরে শাকিল আহাম্মেদ প্রকাশ্যে সংগঠনের দুই সদস্য মো. আমান উল্লাহ ও এস এম ইফতেখারুলকে মারধর করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কেন্দ্রীয় কমিটি তদন্ত সাপেক্ষে শাকিলের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ায় স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
