টঙ্গীতে বিশ্ব মাদকবিরোধী দিবসে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে সচেতনতামূলক সাইকেল র‍্যালির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার ভোরে টঙ্গী মডেল শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ফজরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা সাইকেল নিয়ে মাদরাসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

সকাল ৬টায় মাদরাসার প্রধান ফটক থেকে র‍্যালিটি যাত্রা শুরু করে। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, তারগাছ ও বোর্ডবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় মাদরাসা মাঠে ফিরে এসে র‍্যালিটি সমাপ্ত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর শিবির সভাপতি জাকির হোসেন, জেলা শিবির সভাপতি ইসমাইল পাঠান এবং টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালি-পরবর্তী সমাবেশে শরীফ মাহমুদ বলেন, মাদকের ভয়াবহতা বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। মাদকের অর্থের জোগান নিশ্চিত করতে গিয়ে পরিবারে পারিবারিক কলহ ও হত্যাকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সরকার মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে দেশের সচেতন ছাত্রসমাজ মাদকের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের প্রভাবে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। তাই কেবল খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল ব্যবসায়ী ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি, মাদক কীভাবে দেশে প্রবেশ করছে, সে বিষয়ে সরকারকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

মঈনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ছাত্রশিবিরের অবস্থান সব সময়ই আপসহীন। সরকার মাদক নির্মূলে ব্যর্থ হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

০%
০%
০%
০%