সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুতে আসলাম চৌধুরীর গভীর শোক ও সুষ্ঠু তদন্তের দাবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষাক্ত গ্যাস নিঃসরণের ফলে ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। তিনি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানানোর পাশাপাশি আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর জোর গুরুত্ব আরোপ করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) এক শোকবার্তায় আসলাম চৌধুরী বলেন, জাহাজভাঙা শিল্প বন্ধ করে দেওয়া কোনো সমস্যার টেকসই সমাধান হতে পারে না। শ্রমিকের জীবন রক্ষা নিশ্চিত করেই নিরাপদ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, শ্রমিক বাঁচলেই কেবল শিল্প বেঁচে থাকা সম্ভব।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ভার নির্ধারণের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে, প্রতিটি শিপইয়ার্ডে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। ফেরদৌস ইয়ার্ডের এই বিপর্যয়কে কেবল একটি একক দুর্ঘটনা হিসেবে না দেখে পুরো জাহাজভাঙা শিল্পের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে বিবেচনা করতে হবে।
কাগজের সনদে সীমাবদ্ধ না থেকে বাস্তবে জবাবদিহিমূলক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
