ধামরাইয়ে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন পশু চিকিৎসক

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপাররত এক শিশুকে বাঁচাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বজলুর রশীদের বাড়ি ধামরাই উপজেলার কাঁঠালিয়া এলাকায়। তিনি পেশায় একজন ভেটেরিনারি সেবাদাতা ছিলেন। মোটরসাইকেলযোগে কালামপুরের দিকে যাওয়ার সময় মধুডাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় পথচারী এক ব্যক্তি ও শিশুকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় ট্রাকের হেলপারও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে।
এ ঘটনায় নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
