ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা

ফরিদপুরের মধুখালী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সেবাগ্রহীতা বাহারুল আলমের কাছ থেকে অনৈতিকভাবে ৫ হাজার টাকা গ্রহণ করছেন অভিযুক্ত ওই কর্মকর্তা। বাহারুল আলম উপজেলার সাতৈর গ্রামের সৈয়দ আবু হাসানের ছেলে।

বিজ্ঞাপন

ভিডিওতে ইমরান শেখকে জমির মিউটেশন বা নামজারি সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তিনি সেবাগ্রহীতাকে নিশ্চিত করেন যে, ওই রাতেই আবেদন প্রস্তুত করে আগামী সপ্তাহের মধ্যে জমা দেবেন এবং দুই সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করবেন। এছাড়া কথাবার্তার এক পর্যায়ে নিজেকে ৪০তম বিসিএস উত্তীর্ণ বলে দাবি করে তিনি দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

ঘুষ লেনদেনের ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, বিষয়টি জানার পরপরই জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল সরকারি দপ্তরের এমন দুর্নীতিতে ক্ষোভ প্রকাশ করে দোষী কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%