খাগড়াছড়ির যামিনীপাড়ায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার যামিনীপাড়া সীমান্ত এলাকায় বিজিবি ও সশস্ত্র চোরাকারবারিদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামসংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে বিজিবির একটি টহল দল চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তলসহ মোট চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং এক হাজার ৬০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামাল নিয়ে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা বিজিবির টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলি চলে। শেষ পর্যন্ত চোরাকারবারিরা পিছু হটে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বিজিবি বা চোরাকারবারি দলের কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি।

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার প্রসঙ্গে বিজিবি অধিনায়ক জানান, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%