তরুণীর গোসলের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: রংপুরে গ্রেপ্তার ২

রংপুর মহানগরের হারাগাছ থানা এলাকায় এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তাকে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর সিটি করপোরেশনের মধ্য কার্তিক এলাকার বাসিন্দা মোকারেম ওরফে মোকা এবং এমদাদুল হক। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এমদাদুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এমদাদুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল জানান, আপত্তিকর ভিডিওটি তার প্রতিবেশী মোকারেমের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এরপরই পুলিশ মোকারেমকে আটক করে।
তদন্তে বেরিয়ে আসে, প্রায় সাত মাস আগে ভুক্তভোগী নারী নিজ বাড়ির ওয়াশরুমে গোসল করার সময় মোকারেম গোপনে সেই ভিডিও ধারণ করেছিলেন। দীর্ঘদিন পর সেই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল। এই জঘন্য কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন আসামিরা।
রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রাসহ ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।