২১ বছরেও পাকা হয়নি বাবুগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক দুর্ভোগে জনজীবন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর আলিম মাদরাসা থেকে আমতলা হয়ে বটতলা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ ২১ বছরেও পাকা হয়নি। দীর্ঘদিনের অবহেলা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ, যা জনদুর্ভোগকে চরমে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে দুই দশকেরও বেশি আগে প্রায় সাত ফুট প্রশস্ত এই সড়কটি ইটের সলিং দিয়ে নির্মিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সড়কটিতে কোনো দৃশ্যমান উন্নয়ন বা বড় ধরনের মেরামতের কাজ করা হয়নি। ফলে বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং এর ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে।

বর্ষা মৌসুমে এই দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। ইসলামপুর আলিম মাদরাসা ও আগরপুর ডিগ্রি কলেজসহ এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত এই ভাঙাচোরা সড়ক দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সড়কের বেহাল দশার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং যাতায়াত খরচ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সড়কের এই দুরবস্থার কারণে অনেক চালকই এখন এ পথে গাড়ি নিয়ে যেতে অনীহা প্রকাশ করছেন, যা জনজীবনে স্থবিরতা তৈরি করেছে। জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু জানান, সড়কটির বেহাল দশার বিষয়টি তিনি অবগত আছেন। এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি জানিয়েছেন যে, সড়কটি ইটের সলিং থেকে কার্পেটিংয়ের মাধ্যমে আধুনিক ও মজবুত সড়কে উন্নীত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%