নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নরসিংদী সদর উপজেলা শহরের নরসিংদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের নরসিংদী সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মো. মাহফুজ ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়া।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইলিয়াসুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি আকবর হোসেন আকন্দ, চিনিশপুর ইউনিয়ন পূর্ব শাখার আমীর অধ্যক্ষ বশির উদ্দিন এবং মিডিয়া শাখার প্রতিনিধি হাসিবুল হাসান অনিক। বক্তারা ফ্যাসিবাদী শাসনামলের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, সে সময় দেশের শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। দলীয়করণের মাধ্যমে স্বজনপ্রীতি ও বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তারা আরও বলেন, তৎকালীন অমানবিক পরিস্থিতির বিপরীতে দেশের তরুণ, যুবক ও ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। এই বিপ্লবে হাজারো ছাত্র-জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণসহ চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। আহত ও শহীদদের পরিবারের যথাযথ মূল্যায়ন ও দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে।

জুলাই বিপ্লবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং সংবিধান সংস্কারের মাধ্যমে বীর যোদ্ধাদের সম্মান নিশ্চিত করার দাবি জানান বক্তারা। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%