রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কটি এখন স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম। প্রতিনিয়ত ঘটা সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণহানির ঘটনায় মহাসড়কটিকে ‘মরণফাঁদ’ হিসেবে অভিহিত করছেন ভুক্তভোগীরা। বিশেষ করে কাউনিয়া উপজেলা অংশে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা চরম ঝুঁকির মুখে রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকার ভরসা কোল্ড স্টোরের সামনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এনামুল হক নামের ৪৭ বছর বয়সী এক ব্যক্তি। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের সন্তান। অজ্ঞাত একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই দিন রাতে কাউনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঘটে আরেকটি দুর্ঘটনা। যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুর আলম ঘটনাস্থলেই নিহত হন। ৩৭ বছর বয়সী নুর আলম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুরাকুটি কলোনি গ্রামের আব্দুস সালামের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাব উদ্দিন পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই মহাসড়কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেই। ফলে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিজ্ঞাপন

মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের শনাক্তপূর্বক দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%