খুলনায় আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার সহকর্মী পলাতক

খুলনার পাইকগাছা পৌরসভা এলাকার হাসপাতাল রোড থেকে আরএফএল কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিশ্বজিৎ দেউড়ি ঝালকাঠি সদরের বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। তিনি পাইকগাছা শাখায় সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন এবং পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডের রাম প্রসাদ মন্ডলের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন।
ঘটনার পর থেকে নিহতের রুমমেট ও সহকর্মী অন্তর সরকার পলাতক রয়েছেন। অন্তর সরকার আরএফএলের সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত এবং মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে। বিশ্বজিতের সঙ্গে গত দুই মাস ধরে ওই কক্ষেই তিনি বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তারা দুজন একসঙ্গে খাবার খেয়েছিলেন। এরপর মঙ্গলবার দুপুর পর্যন্ত দুজনের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সহকর্মী নয়ন রায় তাদের খোঁজ নিতে বাসায় যান। সেখানে দরজার সামনে রক্ত এবং একটি রক্তমাখা ছুরি পড়ে থাকতে দেখে তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে বিশ্বজিতের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কোনো অভ্যন্তরীণ বিরোধের জেরে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অন্তর সরকার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে আত্মগোপন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা অবিলম্বে পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।