মধ্যনগরে হাওরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য নৌকা বিতরণ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলে বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ ও সহজতর করতে ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে এসব নৌকা নির্মাণ করা হয়। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নিজস্ব উদ্যোগে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের কাচারি-সংলগ্ন ঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নৌকাগুলো তুলে দেওয়া হয়। খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলমের নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটির তত্ত্বাবধানে এই নৌকাগুলো নির্মাণ করা হয়েছে।

নৌকা প্রাপ্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে শালীয়ানী, জামালপুর, কামাউড়া, খালিশাকান্দা, গলইখালী, ইটাউরি, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, দোয়াদুর রহমান, আলীপুর, সাতুর, বীরসিংহপাড়া, চাপাইতি ও আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়ভাবে এই উদ্যোগকে হাওরের শিক্ষা প্রসারে একটি মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল।

উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এই উপজেলার ৮৪টি বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪৫টিতেই শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে নৌকায় যাতায়াত করতে হয়। নতুন ১৬টি নৌকা যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকি অনেকটা কমবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এর আগে একই কর্মসূচির আওতায় আরও একটি বিদ্যালয়কে নৌকা দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, হাওরের শিক্ষার পরিবেশ উন্নত করতে যোগাযোগব্যবস্থার বিকল্প নেই। পর্যায়ক্রমে নৌকাস্বল্পতায় থাকা সব বিদ্যালয়ে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%