কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ দুটি যানবাহন জব্দ করেছে বিজিবি

কুমিল্লা সীমান্ত এলাকা ও এর সংলগ্ন ফেনীর সীমান্তবর্তী অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে আড়াই কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরের দিকে ১০ বিজিবি ব্যাটালিয়নের টহল দল এসব চোরাই পণ্য আটক করে।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ১০ বিজিবির আওতাধীন ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্তের ৪০০ গজ অভ্যন্তরে কামাল্লা এলাকা এবং ১০০ গজ ভেতরে পৈথরা নামক স্থানে মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন তল্লাশি করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধারকৃত চোরাই পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ নির্মূলে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।