মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যায় শ্বশুর ও দুই ননদ গ্রেপ্তার

বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশি অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারী এবং তার দুই ননদ রিংকি ও লিমা।
গত ১৫ জুলাই ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লামিয়াকে অমানুষিক নির্যাতন করে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৬ জুলাই মাদারীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বজনরা।
মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।