ঝিনাইদহে সাপের কামড়ে বৃদ্ধ চা দোকানির মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে ইসাহাক বিশ্বাস নামের ৬৫ বছর বয়সী এক চা দোকানির মৃত্যু হয়েছে। রোববার ভোরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাড়িতে ঘুমানোর সময় বিষধর সাপ তার পায়ে দংশন করে। রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় ঝাড়ফুঁক চললেও কোনো উন্নতি না হওয়ায় ওঝা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রোববার ভোরের দিকে তার মৃত্যু হয়। পাঁচপাখিয়া গ্রামে সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবীর মোল্লা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা চরম বিপর্যয়ের মুখে পড়েছেন এবং স্থানীয়রা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।