চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত আহত এক

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রওনক শিশির নামের ১৯ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের পৌর এলাকার নিমতলা মহল্লায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় শিশিরের বন্ধু তাজ নামের আরেক তরুণ গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

নিহত রওনক শিশির স্থানীয় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী এবং নিমতলা মহল্লার বাসিন্দা গোলাম রাব্বানীর পুত্র। স্থানীয়রা জানান, শিশির ও তাজ মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে ফেরার পথে মেসার্স মুনজুর অটো রাইস মিলের সামনে পৌঁছালে আদর্শ গ্রুপের একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশিরের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় তাজকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও চালক ও তার সহকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%