বাগেরহাটে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

বাগেরহাট জেলায় তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন এবং সভাপতিত্ব করেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়া নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সিপিও রফিকুল ইসলাম জগলু এবং সরকারি পি.সি. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে। তিনি তারেক রহমানের দূরদর্শী চিন্তার উল্লেখ করে বলেন, ক্ষুদ্র উদ্যোগ ও একাগ্র প্রচেষ্টাই যুবসমাজের জীবনে স্বাবলম্বিতা ও সফলতার পথ প্রশস্ত করে।
বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ার আদর্শ বাস্তবায়নে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।