কুষ্টিয়ার খোকসায় আধিপত্যের জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামের একটি ব্রিকফিল্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন দেবীনগর এলাকার চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫) এবং আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (৩০)। এ ঘটনায় মুল্লুক মণ্ডল (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছালিম হোসেন ও সামিরুল মোল্লার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার গভীর রাতে সামিরুল মোল্লা তার দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলার বিষয়টি টের পেয়ে ছালিম হোসেন দ্রুত স্থান ত্যাগ করতে পারলেও বাড়িতে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডল হামলাকারীদের কবলে পড়েন। ঘাতকরা চাপাতি দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল মারা যান।

গুরুতর আহত মুল্লুক মণ্ডল বর্তমানে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। খোকসা থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বর্বরোচিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় বাসিন্দাসহ নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%