কুড়িগ্রামে মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ৩

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীনস্থ ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
আটককৃতদের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় জিরা, গরু এবং বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদাই কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।