সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মাদকসেবীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গামারা বিলে নেশার টাকা জোগাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু মিয়া নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৩৫ বছর বয়সী নিহত নিপু মিয়া স্থানীয় বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের পুত্র এবং দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিপু মিয়া এলাকায় একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। নেশার অর্থের সংস্থান করতে রোববার দিবাগত শেষ রাতে তিনি বড়বাড়িয়া এলাকায় বোরো মৌসুমে সেচ কাজে ব্যবহৃত পিডিবির খুঁটি থেকে বৈদ্যুতিক তার কাটার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

সকালে স্থানীয়রা বিলের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও মাদকমুক্ত সমাজ গঠনে তারেক রহমানের দিকনির্দেশনায় স্থানীয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে।

০%
০%
০%
০%