বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কনফিডেন্স লবণ কারখানায় নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে আকস্মিক এই বিস্ফোরণ ঘটে, যার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১১ জন শ্রমিক দগ্ধ হন।
বিস্ফোরণের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনের জরুরি চিকিৎসা সম্পন্ন হলেও বাকি ১০ জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে পটিয়া উপজেলার হুলাইন ইউনিয়নের বদন আলী বাড়ির দিদার আলম এবং একই ইউনিয়নের ইয়াসিন আউলিয়ার মাজার এলাকার নুরুল আলম মারা যান। নুরুল আলম পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে আরও আটজন শ্রমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
কারখানা কর্তৃপক্ষের ভাষ্যমতে, নতুন জেনারেটর স্থাপনের সময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় স্থানীয় জনমনে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।