ঈশ্বরদীতে আলোচনা সভায় বিএনপি ও জামায়াত নেতাদের বাকবিতণ্ডা উত্তেজনার সৃষ্টি

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কারের বিষয় নিয়ে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে অধ্যাপক আবু তালেব মন্ডল নতুন রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক কাঠামোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন যে, গণভোট ও সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিএনপি এখনো অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে, যা জনগণের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। এই মন্তব্যের পরপরই ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি তীব্র আপত্তি জানিয়ে বক্তব্য বন্ধের দাবি তোলেন।

উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সভাকক্ষে মুহূর্তেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব তাৎক্ষণিক হস্তক্ষেপে নামেন। পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উত্তেজনা প্রশমিত হলে সভার কার্যক্রম পুনরায় স্বাভাবিক ধারায় ফিরে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%