দেবিদ্বারে উপজেলা ও পৌর কমিটিতে একই নেতাদের পদায়ন নিয়ে তোলপাড় সমালোচনার মুখে জেলা বিএনপি

কুমিল্লা উত্তর জেলা বিএনপি কমিটি ঘোষণার পরদিনই দেবিদ্বার উপজেলা এবং পৌরসভা শাখা কমিটি গঠন নিয়ে স্থানীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির আহ্বায়কসহ সাতজন যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত নতুন কমিটির তালিকা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

বিজ্ঞাপন

ঘোষিত কমিটিতে দেখা যায়, দেবিদ্বার উপজেলা বিএনপিতে এ বি এম আবুল বাশার, মহসিন সরকার ও মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বিস্ময়করভাবে একই তিন ব্যক্তিকে দেবিদ্বার পৌরসভা বিএনপির কমিটিতেও যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই ব্যক্তিকে দুটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটে পদায়ন করায় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করে স্থানীয় কর্মীরা দাবি করছেন, দেবিদ্বারে যোগ্য নেতার অভাব নেই, তবুও কেন একই ব্যক্তিকে উভয় কমিটিতে রাখা হলো, তা বোধগম্য নয়। অনেক ত্যাগী নেতাকে অবমূল্যায়ন করে নতুনদের গুরুত্বপূর্ণ পদে বসানোয় এবং জেলা কমিটি পকেট কমিটি হিসেবে গঠিত হওয়ায় দলের অভ্যন্তরে বিভেদ প্রকট হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া জানান, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে জেলা কমিটির অপর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু এটিকে অনিচ্ছাকৃত ভুল বা টাইপিংজনিত ত্রুটি হিসেবে উল্লেখ করে বিষয়টি নিয়ে পুনরায় আলোচনার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%