টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়া স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ স্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে পারিবারিক কলহের জেরে নিজ বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার দুদিন পর বুধবার ভুক্তভোগী স্ত্রী তাসলিমা খানম আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামী শাহ আলম শেখ বাবুকে তালাক প্রদান করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন তাসলিমা খানম ওই আশ্রয়ণ কেন্দ্রে একটি ঘর বরাদ্দ পান। সেখানে দুই সন্তানসহ বসবাসকালে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য বিরোধ ও শারীরিক নির্যাতনের ঘটনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে ক্ষুব্ধ শাহ আলম নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়দের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী তাসলিমা খানমের অভিযোগ, স্বামী শাহ আলম আয়ের অধিকাংশ অর্থ মাদকের পেছনে ব্যয় করতেন। তিনি ভরণপোষণ প্রদানের পরিবর্তে নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন। সবশেষ নিজের আশ্রয়ের স্থানটিতে আগুন দেওয়ার ঘটনায় তিনি নিরাপত্তা ও সংসার জীবনে চরম শঙ্কা বোধ করায় আইনগতভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%