পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত দুই

নেত্রকোণার পূর্বধলায় নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোমন মিয়া (৩৪) নামের এক ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ইসবপুর এলাকার তালেরঘাট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রোমন মিয়া জেলার মদন উপজেলার হাঁসকুড়ি মৈধাম গ্রামের সবুজ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংগামী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ময়মনসিংহগামী ট্রাকের চালক রোমন মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত ট্রাকে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনাকবলিত দুটি ট্রাকই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাবানা আক্তার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%