কেন্দুয়ায় নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার স্বজনদের হত্যার অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর জুনাইদ আহমেদ নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত জুনাইদ ওই গ্রামের মো. দিলোয়ার হোসেন ও তাজ মহল আক্তারের সন্তান। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে জুনাইদ আকস্মিকভাবে নিখোঁজ হয়। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটে। বুধবার দুপুরে স্থানীয়রা গ্রামের একটি পুকুরে কিশোরের মরদেহ ভাসতে দেখে দ্রুত পুলিশ ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করেন।

সংবাদ পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধে জুনাইদকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শোকার্ত পরিবার ও স্থানীয়রা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%