নওগাঁয় ডাবে চেতনানাশক মিশিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

নওগাঁয় যাত্রীবেশে অটোরিকশা চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে গাড়ি ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া ও গাইবান্ধা জেলায় টানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা, একটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, বিপুল পরিমাণ ঘুমের ঔষধ ও নগদ ১১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইব্রাহিম ওরফে ইমন, বরগুনার হুমায়ুন কবির, বগুড়ার শাহজাহানপুরের খাজা মিয়া এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের আব্দুল গফুর। গত ১০ জুলাই নওগাঁ সদর হাসপাতালে রোগী দেখার নাম করে এক অটোরিকশা চালককে রিজার্ভ ভাড়া করেন প্রতারক চক্রের সদস্যরা। হাসপাতালে পৌঁছানোর পর নবাগত শিশুর জন্মের অজুহাতে চালককে মিষ্টি খাইয়ে বিশ্বাস অর্জন করে তারা। এক পর্যায়ে কৌশলে ঘুমের ঔষধ মেশানো ডাব পান করতে দিলে চালক অচেতন হয়ে পড়েন। চালক জ্ঞান হারালে অপরাধীরা তার অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশি তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম ও হুমায়ুনের বিরুদ্ধে অতীতে হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। চক্রটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন জেলায় সাধারণ মানুষকে একইভাবে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে সর্বস্ব লুটে নিচ্ছিল। খাজা মিয়া ও আব্দুল গফুর মূলত চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%