টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মো. জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে।

বিজ্ঞাপন

সোমবার বিকেল ৫টার দিকে বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাহিদ অটোরিকশার সামনের আসনে বসে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাগরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বুকে প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশাররফ হোসেন। নিহতের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

হঠাৎ এমন মৃত্যুতে সহপাঠী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়রা দোষী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%